এক শিশুর আবেগঘন আবদারে সাড়া দিয়ে গাড়িবহর থামিয়ে তাকে বুকে জড়িয়ে সেলফি তুললেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শনিবার সিলেট থেকে ঢাকায় ফেরার পথে ঘটে যাওয়া এ ঘটনাটি আজ রোববার সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপকভাবে ভাইরাল হয়েছে।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, গাড়িবহর অতিক্রমের সময় এক শিশু সামনে এসে প্রধানমন্ত্রীর সঙ্গে ছবি তোলার জন্য কান্না শুরু করে। বিষয়টি নজরে এলে তিনি নিরাপত্তা প্রটোকল ভেঙে গাড়িবহর থামিয়ে শিশুটিকে নিজের গাড়িতে তুলে নেন। পরে শিশুটিকে বুকে জড়িয়ে সান্ত্বনা দেন এবং মাথায় হাত বুলিয়ে তার কান্না থামান। এরপর তার সঙ্গে ছবি ও সেলফি তোলেন। এ সময় শিশুটি প্রধানমন্ত্রীর হাতে একটি ধানের শীষ ও একটি চিরকুট তুলে দেয়, যেখানে জিয়াউর রহমান, খালেদা জিয়া ও তারেক রহমানের নামের পাশে ভালোবাসার প্রতীক আঁকা ছিল।
খোঁজ নিয়ে জানা গেছে, শিশুটির নাম আবদুল্লাহ আল মামুন। সে ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার জিনদপুর গ্রামের বাসিন্দা বোরহান উদ্দিনের ছেলে এবং সিলেট শাহজালাল প্রি-ক্যাডেট স্কুলের পঞ্চম শ্রেণির শিক্ষার্থী। বর্তমানে সে সিলেট সিটি করপোরেশনের ৬ নম্বর ওয়ার্ডের চৌকীদিঘি এলাকায় পরিবারের সঙ্গে বসবাস করছে।
শিশুটির বাবা বোরহান উদ্দিন মুঠোফোনে জানান, প্রধানমন্ত্রীর এমন মানবিক আচরণে তিনি কৃতজ্ঞ। তিনি বলেন, তার সন্তানের প্রতি প্রদর্শিত ভালোবাসা তাকে একজন বাবা হিসেবে গর্বিত করেছে।

বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬
প্রকাশের তারিখ : ০৩ মে ২০২৬

আপনার মতামত লিখুন