দেশের পানিসংকট নিরসনে আগামী পাঁচ বছরে সারাদেশে ২০ হাজার কিলোমিটার খাল খননের পরিকল্পনার কথা জানিয়েছেন তারেক রহমান।
সোমবার (২০ এপ্রিল) বিকেলে বগুড়ার বাগবাড়ী নশিপুর এলাকায় চৌকিরদহ খাল পুনঃখনন কার্যক্রমের উদ্বোধন শেষে তিনি এ কথা বলেন।
তিনি বলেন, “আজ আমরা চৌকিদহ খালটি পুনঃখনন করেছি। এই খালটি প্রায় এক কিলোমিটার দীর্ঘ। আগে ১৯৭৯ সালে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এই খালটি খনন করেছিলেন বলে এলাকার প্রবীণদের অনেকেরই মনে আছে। খালটি পুনঃখননের ফলে বর্ষায় অতিরিক্ত পানি জমে থাকবে এবং শুষ্ক মৌসুমে কৃষিকাজে পানি পাওয়া যাবে।”
তিনি আরও বলেন, খাল খননের মাধ্যমে বন্যার সময় মানুষ, ফসল, গবাদিপশু ও সম্পদের ক্ষতি কমানো সম্ভব হবে। পরিকল্পনা অনুযায়ী আগামী পাঁচ বছরে ২০ হাজার কিলোমিটার খাল খনন করা হবে।
স্থানীয়দের প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, খালের দুই পাশে গাছ লাগানো, মাছ চাষ এবং কৃষি উৎপাদন বাড়ানোর উদ্যোগ নেওয়া যেতে পারে, যাতে স্থানীয় বেকারদের কর্মসংস্থান তৈরি হয়।
শেষে তিনি বলেন, “আমি আপনাদের এলাকার সন্তান। এই কাজ সফল করতে সবার দোয়া ও সহযোগিতা চাই। কয়েকদিন পর আবারও এলাকায় আসব, ইনশাআল্লাহ।”

বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬
প্রকাশের তারিখ : ২০ এপ্রিল ২০২৬

আপনার মতামত লিখুন